Saturday, 18 July 2026 | শনিবার, ২০২৬ Jun ০৬, ১২:৪০ অপরাহ্ন

সমালোচনায় সুর নরম ফিফার, মিলল পানির বোতল নেওয়ার অনুমতি
নিজস্ব প্রতিবেদন

বিশ্বকাপ ২৬ পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল ফিফা। তবে সমর্থক গোষ্ঠী ও শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের তীব্র প্রতিবাদের মুখে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফুটবলের নিয়ন্ত্রক এ সংস্থা।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফিফা নতুন এই নীতিমালার ঘোষণা দিয়েছে। পোস্টে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ ফিফা বিশ্বকাপের যেকোনো ম্যাচে সব সমর্থক একটি করে নরম প্লাস্টিকের, ৫৯০ মিলি ধারণক্ষমতাসম্পন্ন, ফ্যাক্টরি-সিলড ওয়ানটাইম পানির বোতল সঙ্গে নিয়ে ঢোকার অনুমতি পাবেন।’

বিবৃতিতে যোগ করা হয়, ‘নিরাপত্তা ও সুরক্ষার কারণে সমর্থকেরা শক্ত প্লাস্টিক বা ধাতব তৈরি পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল সঙ্গে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না।’

ফিফার মূল স্টেডিয়াম বিধিমালায় প্রথমে বলা হয়েছিল, ‘কোনো দ্বিধা ছাড়াই দর্শকেরা স্টেডিয়ামের ভেতরে সর্বোচ্চ এক লিটার ধারণক্ষমতার খালি, স্বচ্ছ ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল নিয়ে প্রবেশ করতে পারবেন।’ কিন্তু গত মঙ্গলবার নথির একটি হালনাগাদ সংস্করণে বলা হয়, ‘পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামের ভেতরে আনা যাবে না।’

সেই বিবৃতিতে বলা হয়, ‘খেলোয়াড়, রেফারি, দর্শক, স্বেচ্ছাসেবক ও কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় ফিফা প্রতিশ্রুতিবদ্ধ। খেলোয়াড় ও দর্শকদের যেকোনো ধরনের ঝুঁকি ও চোট থেকে রক্ষা করতেই বোতল নিষিদ্ধ করার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কপিরাইট © 2026 jibonkantho.com